রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ফুলকুঁড়ি আর্ট একাডেমির পান্তাভাত উৎসব

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৭, ২০২৬, ১১:৫০ পিএম

দিনাজপুরে ফুলকুঁড়ি আর্ট একাডেমির পান্তাভাত উৎসব

ছবি-দিনাজপুর টিভি

বাংলা নববর্ষকে বর্ণাঢ্যভাবে বরণ করে নিতে দিনাজপুর শহরে পান্তাভাত উৎসবের আয়োজন করেছে ফুলকুঁড়ি আসর দিনাজপুর শহর শাখার ফুলকুঁড়ি আর্ট একাডেমি। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই উৎসবটি অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

এই বিশেষ আয়োজনটি শাখা পরিচালক কামরুজ্জামান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় সম্পন্ন হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর কেন্দ্রীয় কমিটির কালচারাল স্কুল পরিচালক আমির হোসেন বিপ্লব। তিনি এই উদ্যোগের প্রশংসা করে শিশুদের বাঙালি সংস্কৃতির চর্চায় উৎসাহিত করেন।

দিনাজপুরের এই পান্তাভাত উৎসবে স্থানীয় শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। কেবল পান্তা ভাত খাওয়াই নয়, উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা। 

বিলুপ্তপ্রায় এসব খেলাধুলা উপস্থিত দর্শনার্থী ও অভিভাবকদের মাঝে পুরনো দিনের স্মৃতি জাগিয়ে তোলে এবং উৎসবের আমেজ কয়েকগুণ বাড়িয়ে দেয়। খেলাধুলা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান যুগের শিশুদের মাঝে আকাশ সংস্কৃতির প্রভাব বাড়ছে। তাই নতুন প্রজন্মকে খাঁটি বাংলা সংস্কৃতি ও শত বছরের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই পান্তাভাত উৎসব নিয়মিত আয়োজন করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। তারা মনে করেন, যান্ত্রিক জীবনের বাইরে শিশুদের এমন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে যুক্ত করা অত্যন্ত জরুরি। ঐতিহ্যবাহী খাবারের স্বাদ আর শিকড়ের খেলাধুলায় মেতে ওঠার এই সুযোগটি শিশুদের মানসিক বিকাশেও ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সব মিলিয়ে দিনাজপুরের এই আয়োজনটি ছিল বাংলা নববর্ষ উদযাপনের এক অন্যতম অংশ।