এপ্রিল ১৮, ২০২৬, ০৬:২৮ পিএম
দিনাজপুরের বরেণ্য আইনজীবী, সামাজিক ও মানবাধিকার আন্দোলনের অগ্রজ নেতা অ্যাডভোকেট লিয়াকত আলীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার দিনাজপুরের সুইহারীস্থ এনজিও ফোরামের হলরুমে জেলা জাসদের আয়োজনে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা মরহুম এই নেতার জীবন ও কর্মের ওপর আলোকপাত করে তাকে একজন অকুতোভয় সংগ্রামী হিসেবে বর্ণনা করেন।জাসদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি শাহ আলম বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রাজিউর রহমান বাবুল।
তিনি তার বক্তব্যে বলেন, লিয়াকত আলী কেবল একজন সফল আইনজীবীই ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের অধিকার আদায়ের এক নির্ভীক যোদ্ধা। তার মৃত্যুতে দিনাজপুর একজন অভিভাবককে হারিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলতাফ হোসাইন ও জেলা জাসদের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমামুল ইসলাম। স্বাগত বক্তব্যে জাসদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহীদুল্লাহ লিয়াকত আলীর দীর্ঘ রাজনৈতিক পথচলা তুলে ধরেন। এ সময় বাসদ নেতা জনক রায়, ওয়ার্কার্স পার্টির নেতা রবিউল আউয়াল খোকা, শিক্ষাবিদ শফিকুল ইসলামসহ বিভিন্ন এনজিও ব্যক্তিত্ব ও আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা লিয়াকত আলীর কর্মজীবনের আদর্শকে লালন ও ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, তিনি দিনাজপুরের বড় ময়দানকে কাঁটাতার মুক্ত করার আন্দোলন এবং সুখসাগর পরিবেশ রক্ষার লড়াইয়ে সামনের সারিতে ছিলেন। তার এই অসমাপ্ত আন্দোলনগুলোকে সফল করার মাধ্যমেই তাকে প্রকৃত সম্মান জানানো সম্ভব। তার সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন উপস্থিত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অ্যাডভোকেট লিয়াকত আলী জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শোক সভাটি সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। সভার শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও সম্মান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটিতে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত হয়ে তাদের প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন