এপ্রিল ২২, ২০২৬, ০৩:৪১ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম অমান্য করে নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়াই জ্বালানি তেল বিক্রি এবং সাধারণ গ্রাহকদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাধনা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।
ঘোড়াঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রির বিশেষ নিয়ম চালু করা হয়েছে।
তবে সাধনা ফিলিং স্টেশনে এই নিয়ম উপেক্ষা করে কার্ড ছাড়াই বিপুল পরিমাণ তেল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে ওই পাম্পে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানটি পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ রুবানা তানজিন। অভিযানকালে তাঁকে সহযোগিতা করেন ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। তদন্তের সময় দেখা যায়, পাম্পের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ফুয়েল কার্ড যাচাই না করেই প্রায় ১৫০০ থেকে ২০০০ লিটার জ্বালানি তেল বিক্রি করেছেন। নিয়মের এই তোয়াক্কা না করায় পাম্প চত্বরে তেল সংগ্রহ করতে আসা সাধারণ গ্রাহকদের মাঝে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়।
পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর নির্দিষ্ট ধারা অনুযায়ী ফিলিং স্টেশনের ম্যানেজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে ভ্রাম্যমাণ আদালত।অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, ফিলিং স্টেশনগুলোর অব্যবস্থাপনা দূর করতে এবং সাধারণ মানুষের কাছে জ্বালানি সরবরাহ সহজ ও সুশৃঙ্খল করতে ফুয়েল কার্ডের ব্যবস্থা করা হয়েছে।
আজ কার্ড ছাড়া তেল বিক্রির মাধ্যমে সেখানে এক ধরণের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছিল। জনস্বার্থে এবং এই খাতে পূর্ণ শৃঙ্খলা বজায় রাখতে আগামীতেও প্রশাসনের এ ধরণের কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এই জরিমানার ঘটনায় স্থানীয় অন্যান্য ফিলিং স্টেশনগুলোর মাঝেও এক ধরণের সতর্কবার্তা পৌঁছেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন