রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

মোঃ আরিফ ইসলাম

এপ্রিল ২৫, ২০২৬, ০২:০৪ পিএম

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিশেষ উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বীরগঞ্জ উপজেলার ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের হাতে এসব সরকারি সহায়তা তুলে দেওয়া হয়। মূলত প্রান্তিক পর্যায়ের এই জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ‍‍`সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প‍‍`-এর আওতায় এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি সুবিধাভোগী পরিবারকে পালনের জন্য দুটি করে উন্নত জাতের ছাগল প্রদান করা হয়েছে। 

পশুপালনকে আরও সহজ করতে ছাগলের পাশাপাশি ৫০ কেজি করে বিশেষ খাদ্য, ৫টি ম্যাট, দুটি ঢেউ খেলানো টিন এবং ৪টি করে কংক্রিটের পিলার দেওয়া হয়েছে। ছাগল রাখার স্বাস্থ্যসম্মত ঘর তৈরির জন্যই মূলত এই নির্মাণ সামগ্রীগুলো প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সমাজের প্রতিটি স্তরের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ যেন অর্থনৈতিকভাবে পিছিয়ে না থাকে, সে জন্য এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি সুবিধাভোগীদের এই সম্পদ কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. নোমান আলী এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এস এম সাইফ আলম উপস্থিত ছিলেন। কর্মকর্তারা মনে করছেন, সরকারের এ ধরনের সরাসরি সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রকল্পের পরিধি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অনুষ্ঠান শেষে স্থানীয় উপকারভোগীরা এই সহায়তা পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।