এপ্রিল ২৮, ২০২৬, ০৪:২২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজন মাদক কারবারিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বীরগঞ্জ থানার পুলিশ ঝাড়বাড়ী এবং পৌর এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করে।
বীরগঞ্জ থানাধীন ঝাড়বাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে মোঃ শাহজাল (২৮), মোঃ আশিক (২৪) এবং মোঃ আসাদুজ্জামান (৩২)-কে আটক করা হয়। আটককৃত এই তিনজনই বীরগঞ্জের দেবারুপাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে বীরগঞ্জ পৌরসভাধীন গ্রামীণ চক্ষু হাসপাতাল এলাকা থেকে মোঃ নোবেল (২২) নামে আরও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
বীরগঞ্জ থানা পুলিশ জানায়, স্থানীয় সচেতন জনগণের তথ্যের ভিত্তিতে এসব অভিযান সফলভাবে পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন। আদালত তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আটককৃত প্রত্যেক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত চার আসামিকে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বীরগঞ্জ উপজেলাকে মাদকযুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন