রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬ পালিত

জিন্নাত হোসেন

মে ৫, ২০২৬, ০৫:৩২ পিএম

দিনাজপুরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬ পালিত

ছবি-দিনাজপুর টিভি

‘আরও দশ লক্ষ ধাত্রী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো দিনাজপুরেও পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস-২০২৬। মঙ্গলবার (৫ মে) দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বেলা ১১টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যপরিচর্যা এবং মৃত্যুহার হ্রাসে প্রশিক্ষিত মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশেষ করে একজন মায়ের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী সেবা প্রদানে তারা অগ্রণী ভূমিকা পালন করেন।

ড. শারমিন সাত্তার আরও উল্লেখ করেন, মা ও শিশু মৃত্যুহার কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনা এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য দক্ষ মিডওয়াইফ প্রয়োজন। দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল শিক্ষা পরিচালক ডা. মো. মোস্তফা সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মোছা. জোসনা আরা ও শাহনাজ পারভীন। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আসিফা আক্তার, সালেহা আক্তার সায়লা এবং খুশবুন নেসা খুশি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিয়সী রানী মহন্ত ও তমালিকা আক্তার।আলোচনা সভার শুরুতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জান্নাতুন ফেরদৌস, গীতা পাঠ করেন জয়শ্রী রানী রায় এবং বাইবেল পাঠ করেন রিবিকা রায়।

এর আগে সকাল ৯টায় কেয়ার নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি পরবর্তী আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় কলেজের সচিব মো. শাহজাহান আলীসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমানে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই পেশার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যেই প্রতি বছর দিবসটি পালন করা হয়। সংবাদ শেষ।