রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মো: মামুনুর রশিদ

মে ৭, ২০২৬, ০৫:২৩ পিএম

দিনাজপুরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

দিনাজপুরে রেড ক্রিসেন্ট দিবসের কর্মসূচি -ছবি-দিনাজপুর টিভি

“মানবতায় ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ৯টায় শহরের পাহাড়পুরস্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর ইউনিট কার্যালয়ের সামনে মানববন্ধন, বেলুন উড়ানো, কেক কাটা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবসেবাই রেড ক্রিসেন্টের মূল শক্তি। 

দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের সময় স্বেচ্ছাসেবীরা যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, তা সমাজের জন্য অনুকরণীয়। মানবতার সেবায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় ইউনিটের সাবেক অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মোকাররম হোসেন, মোঃ শাহিদুর ইসলাম শাহীন খান, ইউনিট লেভেল অফিসার খন্দকার সাইফুল ইসলাম এবং হিসাবরক্ষক মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। যুব স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-যুব প্রধান-১ মেহেদী হাসান এবং উপ-যুব প্রধান-২ মরিয়ম আক্তারসহ অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই রেড ক্রিসেন্টের কার্যক্রম সার্থক হয়ে ওঠে। রেড ক্রসের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি মর্যাদা ও গুরুত্বের সাথে পালন করা হয়। দিনাজপুরে এবারের আয়োজনে স্বেচ্ছাসেবীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।