মে ১২, ২০২৬, ০২:৩৪ পিএম
বিগত ১৭ বছর দেশে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থেকে দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড অফিসে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে তার সাথে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৈঠকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজানুল হকসহ জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এই একান্ত বৈঠকে অংশ নেন।
মন্ত্রীরা খনি ও বিদ্যুৎকেন্দ্রের বর্তমান উৎপাদন পরিস্থিতি ও বিভিন্ন কারিগরি সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সাথে বিস্তারিত আলোচনা করেন।বড়পুকুরিয়া বোর্ড অফিসের কার্যক্রম শেষে মন্ত্রী মহোদয়গণ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনি এলাকা ঘুরে দেখেন। সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর মধ্যপাড়া পাথর খনি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সেখানে বিদ্যমান পরিস্থিতি এবং উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে খনি কর্তৃপক্ষের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।
সফর শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মন্ত্রীরা দিনাজপুরের সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে বিমানযোগে তাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। বড়পুকুরিয়া ও মধ্যপাড়ার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট খনিগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন