বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিরল সীমান্তে মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আতিউর রহমান

মে ১৮, ২০২৬, ০৭:১২ পিএম

বিরল সীমান্তে মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। সোমবার মধ্যরাতে ব্যাটালিয়নের অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির একটি টহল দল এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভাঙা মূর্তিটির মোট ওজন দুই কেজি ১০০ গ্রাম বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

সীমান্ত পিলার ৩৩১/২-এস হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মানিকপাড়া গ্রাম এলাকায় এই তল্লাশি অভিযান চালানো হয়।উদ্ধারকৃত এই ঐতিহাসিক প্রত্নবস্তুটি পরীক্ষার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন দিনাজপুরের কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ।

প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এই কষ্টিপাথরের মূর্তির প্রকৃত মূল্য অসীম ও অপরিমেয় হলেও এর প্রাতিষ্ঠানিক সিজার মূল্য ধরা হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষিত আইন অনুযায়ী দেশ ও জাতির প্রাচীন ইতিহাস বহনকারী এই নিদর্শনটি সংরক্ষণের দায়িত্ব এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। 

বর্তমানে উদ্ধারকৃত এই মূল্যবান মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার আইনি প্রক্রিয়া সচল রয়েছে বলে জানা গেছে।দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান যে দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট।

 

ভবিষ্যতেও সীমান্তে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে মাদক, মানবপাচার ও অবৈধ অস্ত্রসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সদস্যরা সর্বদা মাঠে তৎপর রয়েছেন।