বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে গোর-এ শহীদ ঈদগাহে ঈদের শেষ প্রস্তুতি

মো: মামুনুর রশিদ

মে ২৮, ২০২৬, ০৯:২২ পিএম

দিনাজপুরে গোর-এ শহীদ ঈদগাহে ঈদের শেষ প্রস্তুতি

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গোর-এ শহীদ ঈদগাহ মাঠে ঈদ জামাত ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাতকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত আয়োজনকে সফল করতে প্রশাসন নিয়েছে নানা উদ্যোগ।

আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ ময়দান। প্রায় ২২ একর জায়গাজুড়ে বিস্তৃত এই বিশাল ঈদগাহ মাঠে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত। শুধু দিনাজপুর নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন।

ঈদ জামাতকে কেন্দ্র করে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিন-রাত পরিশ্রম করছেন কর্মীরা। মাঠ পরিষ্কার, মুসল্লিদের সারিবদ্ধ নামাজের ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার পথসহ বিভিন্ন কাজ দ্রুত এগিয়ে চলছে।

ঈদগাহ ময়দানের অন্যতম আকর্ষণ ৫০ গম্বুজ সমৃদ্ধ মিনার। দুই পাশে রয়েছে ৬০ ফুট উচ্চতার দুটি মিনার, মাঝখানে দুটি ৫০ ফুটের মিম্বার এবং প্রধান মিম্বারের উচ্চতা ৫৫ ফুট। দিন-রাত এর নান্দনিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।

স্থানীয় মুসল্লিরা জানান, এখানে ঈদের নামাজ আদায় করতে পারাটা তাদের জন্য অনেক আনন্দের। এত বড় ঈদগাহ মাঠে একসঙ্গে লাখো মানুষের সঙ্গে নামাজ পড়ার অনুভূতিই আলাদা।ঈদগাহের প্রস্তুতি পর্যবেক্ষণে মাঠ পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা জানান, প্রতিকূল আবহাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম জানান, মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং নিরাপদে নামাজ আদায় করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলেও বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে।

ঈদের জামাতকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা জানান, নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ, গোয়েন্দা নজরদারি এবং একাধিক নিরাপত্তা বলয় থাকবে।

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ মাঠে এবার পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।