জুন ১১, ২০২৬, ১১:২২ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে ফুফাতো বোনের সঙ্গে জাম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাব্বির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া আদর্শ গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার মিনহাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাব্বির তার ফুফাতো বোনের সঙ্গে বাড়ির পাশের একটি জাম গাছের নিচে জাম কুড়াতে যায়। জাম গাছটি একটি গভীর পুকুরের পাড়ে অবস্থিত। সাম্প্রতিক বৃষ্টির কারণে পুকুরের পাড় পিচ্ছিল ছিল। জাম কুড়ানোর সময় পা পিছলে সাব্বির ও তার ফুফাতো বোন পুকুরের পানিতে পড়ে যায়।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সাব্বিরের ফুফাতো বোনকে জীবিত উদ্ধার করলেও সাব্বিরকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বর্ষাকালে বাড়ির পাশে জলাশয় থাকলে শিশুদের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন