জুন ১৬, ২০২৬, ০৪:৩০ পিএম
দিনাজপুরে ইলেকট্রনিক পণ্যের বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের উদ্যোগে দিনব্যাপী এক বিশেষ সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শতাধিক ইলেকট্রনিক ও বৈদ্যুতিক পণ্য ব্যবসায়ী অত্যন্ত আগ্রহের সাথে অংশ নেন।ক্রেতাদের জীবনের নিরাপত্তায় পণ্যের গুণগত মান নিশ্চিত করতে এমইপি গ্রুপ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের সিনিয়র ম্যানেজার মো. আমানত হোসাইন। দিনাজপুরের পরিবেশক মো. আবু সায়েমের সভাপতিত্বে এবং টেরিটরি ম্যানেজার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সেলস ম্যানেজার আবুল কালাম আজাদ ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সৈয়দ সাগর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম হোসেন ও মো. নাহিদ উপস্থিত থেকে মাঠপর্যায়ের ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময় করেন।সম্মেলনে প্রজেক্টরের মাধ্যমে কোম্পানির বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং ভবিষ্যৎ বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত স্লাইড প্রদর্শন করা হয়। উপস্থিত খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা পণ্যের মান এবং বর্তমান বাজার চাহিদা নিয়ে নিজস্ব মতামত ও বিভিন্ন টেকসই পরামর্শ তুলে ধরেন। কোম্পানির প্রতিনিধিরা ব্যবসায়ীদের এই চাহিদা ও মাঠপর্যায়ের পরামর্শকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করেন।
প্রধান অতিথি মো. আমানত হোসাইন তাঁর বক্তব্যে বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তিনি ব্যবসায়ীদের সাথে এই বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান। দেশের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স খাতে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে তারা সবসময় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় সেরা বিক্রেতাদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও একটি আনন্দঘন র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। লটারির প্রথম বিজয়ী হিসেবে একজন ভাগ্যবান ব্যবসায়ী ৩২ ইঞ্চির একটি হায়ার গুগল টিভি লাভ করেন। উল্লেখ্য, ১৯৭২ সালে ঢাকার আজিমপুরে একটি ছোট ইলেকট্রিক কারখানা স্থাপনের মধ্য দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানের গৌরবময় যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে ১৯৭৪ সালে বরিশাল বিসিক শিল্প এলাকায় স্থানান্তরিত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন