সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে সরকারি জমির ২৫টি ইউক্যালিপ্টাস গাছ জব্দ

আতিউর রহমান

জুন ১৬, ২০২৬, ০৮:৩২ পিএম

বিরলে সরকারি জমির ২৫টি ইউক্যালিপ্টাস গাছ জব্দ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর গ্রামে সরকারি জমিতে থাকা ২৫টি ইউক্যালিপ্টাস গাছ কাটার সময় হাতেনাতে জব্দ করেছে স্থানীয় প্রশাসন। অবৈধভাবে কেটে ফেলা এই গাছগুলো বর্তমানে স্থানীয় গ্রাম পুলিশের কড়া তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. মামুনুর রশীদ ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মানিক হোসেন যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

কাগজপত্র যাচাই শেষে এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দক্ষিণ জগতপুর গ্রামের মৃত মোমিনুল ইসলামের ছেলে মোশারফ হোসেন তাঁদের নিজস্ব জমির পাশে থাকা একটি সরকারি পুকুরপাড়ে নিজেদের পরিচর্যাকৃত ইউক্যালিপ্টাস গাছগুলো কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। 

এরপর ক্রেতারা ওই পুকুরপাড়ের গাছগুলো বড় করাত দিয়ে কাটা শুরু করেন। এরই মধ্যে সচেতন স্থানীয় এক বাসিন্দা তাৎক্ষণিকভাবে বিরল উপজেলা নির্বাহী অফিসারকে সরকারি জায়গায় অবৈধভাবে গাছ কাটার বিষয়টি মুঠোফোনে বিস্তারিত অবগত করলে তিনি ঘটনাস্থলে দ্রুত প্রতিনিধি প্রেরণের নির্দেশ দেন।দুপুরের দিকে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে মোশারফ হোসেনের কাছে জমির বৈধ কাগজপত্র দেখতে চান। 

তবে বিবাদী পক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য প্রশাসনের কাছে অতিরিক্ত সময় প্রার্থনা করলে তাৎক্ষণিকভাবে গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এরপর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্তনকৃত ২৫টি গাছ গ্রাম পুলিশ বাবুরাম সরকারের জিম্মায় জব্দ রাখা হয়। বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বড় সাইজের ওই কর্তনকৃত গাছগুলো জব্দ অবস্থায় গ্রামীণ এলাকায় প্রশাসনের কড়া পাহারায় ছিল।