বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে পৌরসভা পর্যায়ে ত্রৈমাসিক সভা

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২৬, ০৮:৪৮ পিএম

দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে পৌরসভা পর্যায়ে ত্রৈমাসিক সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর পৌরসভার পুষ্টিমান বৃদ্ধিকরণ কর্মপরিকল্পনার যথাযথ সমন্বয় ও সফল বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভা লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটির এক গুরুত্বপূর্ণ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা এসডো এবং সাস্টেইনেবল এগ্রিকারচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম বা নাইস প্রকল্পের সমন্বয়ে এই সভার আয়োজন করা হয়। 

বুধবার দিনাজপুরের ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে সরকারি, বেসরকারি ও পুষ্টি বিষেশায়িত সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সুশীল সমাজ, যুব ও ছাত্র সমাজের প্রতিনিধি সহ মোট ২৯ জন অংশীজন পুষ্টি কার্যক্রম সমন্বয়ে এই বৈঠকে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে নাইস প্রকল্পের ব্যবস্থাপক মোশফিকুর আলম তালুকদার উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে মূল বক্তব্য প্রদান করেন। সভায় নাইস প্রকল্প ও দিনাজপুর পৌরসভার যৌথ সমন্বয়ে স্থানীয় পুষ্টি বিষয়ক সার্বিক কার্যক্রমের বর্তমান চিত্র বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। কমিটির সকল সদস্যের নিজ নিজ সংস্থার বছরব্যাপী পুষ্টি কর্মপরিকল্পনা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয় এবং মাঠ পর্যায়ের কার্যক্রমগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এই ত্রৈমাসিক আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে পুষ্টির মান উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।গুরুত্বপূর্ণ এই সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোর্শেদ আলী খান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এটিএম নাজমুল হুদা এবং দিনাজপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মজিবর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন হাসান চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। 

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন যে সবাইকে নিজস্ব দায়িত্বে এই কর্মপরিকল্পনা অনুযায়ী আন্তরিকভাবে কাজ করতে হবে। গ্রামীণ ও শহর অঞ্চলের পুষ্টির মান উন্নয়নে প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে কাজ আরও বেগবান করার তাগিদ দিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।