জুন ২৩, ২০২৬, ০৭:১০ পিএম
আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়া যুবক টানা ৫ দিনেও অভিযান চালিয়ে তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবারটি ভেঙে পড়েছে। রংপুর থেকে ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও সোমবার সকাল পর্যন্ত তাঁর মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। নদীতে প্রচুর স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়।
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের মাধবের ঘাট এলাকায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয় যুবক মাজেদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আত্রাই নদীর মাধবের ঘাট এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত ঘটে।
নিখোঁজ মাজেদুল ইসলাম (২৩) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের আব্দুল মজিদের ছেলে।নিখোঁজ যুবকের পিতা আব্দুল মজিদ বলেন, আমাদের একটাই আকুতি, দ্রুত সময়ের মধ্যে আমার ছেলেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। মৃত্যু হলেও আমরা যেন তাঁকে শেষ বারের মতো বিদায় জানাতে পারি।
দমকল ও নাগরিক সুরক্ষা স্টেশনের দলনেতা আবু সায়েম বলেন, প্রথম দিন থেকেই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। নদীতে পানির গভীরতা ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। রংপুর থেকে আসা অভিজ্ঞ ডুবুরি দলও উদ্ধার অভিযান সমাপ্ত করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন