রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৭:৩১ পিএম

এক মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি প্রায় এক মাস বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিটটি সফলভাবে সচল করা হয় এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।এতে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও সমন্বয় সম্পন্ন করার পরেই ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই ইউনিটটি থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে ধাপে ধাপে এর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে ২০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

বর্তমানে এই কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটিও সচল রয়েছে, যা থেকে গড়ে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। দুটি ইউনিট একসাথে সচল থাকায় উত্তরাঞ্চলসহ দেশের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, প্রথম ইউনিটটি আগে থেকেই সীমিত সক্ষমতায় সচল ছিল। 

এখন তৃতীয় ইউনিটটি চালু হওয়ায় কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা অনেকটাই বেড়েছে, যা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে আরও স্থিতিশীল করবে। অন্যদিকে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানিয়েছেন, খনিতে উৎপাদিত কয়লা সংরক্ষণের সমস্যাগুলো সমাধানে বিভিন্ন বিকল্প উদ্যোগ নেওয়া হয়েছে। আশেপাশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ইউনিটগুলো সচল হওয়ায় কয়লার অভ্যন্তরীণ চাহিদাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা খনির কয়লা মজুতের ওপর চাপ কমিয়ে আনবে।