জুন ২৬, ২০২৬, ০৬:৪৫ পিএম
দেশের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এবং সব নাগরিকের কাছে সরকারি সুবিধার সুফল পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। ফ্যামিলি কার্ডের জন্য দেশের কোনো মানুষকে আর কোথাও যেতে হবে না বা কারও কাছে ধরনা দিতে হবে না বলে নিশ্চিত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।সরকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।
আজ শুক্রবার সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল মাঠে আয়োজিত মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, একটি সুস্থ, সবল ও মানবিক জাতি গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করছেন এবং সেই ধারাবাহিকতায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে প্রশাসন। সুস্থ জাতি গঠনে মাতৃস্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি নারীদের উপযুক্ত বয়সে সন্তান গ্রহণের পরামর্শ দেন এবং গর্ভকালীন সময় থেকে শুরু করে সন্তান জন্মের পর পর্যন্ত সুষম খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।অনুষ্ঠান শেষে মন্ত্রী মা ও শিশু সহায়তা কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন