মোজাম্মেল হক
জুলাই ২, ২০২৬, ১০:২০ পিএম
ছবি : দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর অবৈধভাবে কেনাবেচার অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের দুই দিনের মাথায় বৃহস্পতিবার বিকেলে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
অভিযোগ রয়েছে যে, সরকারের গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে নির্মিত ঘরগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাতবদল হয়েছে।অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সাথেই ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন।
সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কেনাবেচার কোনো সুযোগ নেই এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। তদন্তের মাধ্যমে যারাই এই অনিয়মের সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন জানান, এসব ঘর কেবল নির্ধারিত উপকারভোগীদের পুনর্বাসনের লক্ষ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে। ঘর কেনাবেচা বা অবৈধভাবে হস্তান্তরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রকল্পের বেশ কয়েকটি ঘর হাতবদল হয়েছে এবং আরও ঘর বিক্রির চেষ্টা চলছে।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকেরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে।