রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবি

মো: মামুনুর রশিদ

জুলাই ৪, ২০২৬, ০৪:৩৯ পিএম

দিনাজপুর ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবি

ছবি : দিনাজপুর টিভি

দুই দফা দাবিতে আগামী ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠ থেকে শুরু হয়ে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। বক্তারা জানান, আগামী ৬ জুলাই কেন্দ্রের ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এই অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন সভাপতি এস এম আকতার হোসেন, সহ-সভাপতি মো. আনোয়ারুল আলম ও আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. আবু তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী পলাশ অধিকারী, প্রচার সম্পাদক রাজিয়া সুলতানা, অফিস সহকারী মো. আব্দুস সালাম এবং সুলতান মাহমুদসহ অনেকে।

বক্তারা বলেন, ডাক বিভাগের কর্মচারীরা দীর্ঘকাল ধরে অবহেলিত জীবন যাপন করছেন। বর্তমান বেতন কাঠামোয় সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে এই সংকটের সমাধান করা হোক।