জুলাই ৫, ২০২৬, ০২:৪২ পিএম
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি বাহাদুরবাজার উপশাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বেলুন ওড়ানোর মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রথম দিনেই এই ক্যাম্পেইনে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।উদ্বোধন অনুষ্ঠানে পূবালী ব্যাংক দিনাজপুর জেলা শাখার এজিএম মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশকে ক্যাশলেস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, পূবালী ব্যাংকের এই উদ্যোগ তা বাস্তবায়নে ভূমিকা রাখবে। তিনি জানান, কৃষিনির্ভর এই অঞ্চলে কিউআর কোড বা অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করলে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন।
এটি যেমন সময় সাশ্রয়ী, তেমনি টাকা হারানোর ঝুঁকিও কমায়।ব্যাংকের আধুনিক সেবার কথা তুলে ধরে সাইফুল ইসলাম আরও বলেন, পূবালী ব্যাংক গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের সুবিধাগুলো হাতে-কলমে শেখানো হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস সোসাইটির বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক মোছা. জাকিয়া সুলতানা বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এই তিন দিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকদের ক্যাশলেস অ্যাকাউন্ট খোলা, অ্যাপ অ্যাক্টিভেশনসহ ডিজিটাল লেনদেনের সুবিধা নিশ্চিত করব। প্রতিটি দোকান ও বাজারে ক্যাশলেস লেনদেনের ছোঁয়া পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন