জুলাই ৬, ২০২৬, ০৭:৪০ পিএম
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করেনি ২ হাজার ৮৫২ জন শিক্ষার্থী।বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মোট উপস্থিতির হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষায় মোট এক লাখ আট হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন এক লাখ পাঁচ হাজার ৭০২ জন। অনুপস্থিত শিক্ষার্থীদের হার মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬৩ শতাংশ। বহিষ্কৃত সাত পরীক্ষার্থীর মধ্যে রংপুরে তিনজন, গাইবান্ধায় দুইজন, লালমনিরহাটে একজন এবং দিনাজপুরে একজন রয়েছেন।
বোর্ড সূত্রে জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, অনুপস্থিতির সংখ্যায় শীর্ষে রয়েছে দিনাজপুর জেলা, যেখানে ৫২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া রংপুরে ৫৩৬ জন, গাইবান্ধায় ৪৮৬ জন, নীলফামারীতে ৩৫৩ জন, কুড়িগ্রামে ২৯৮ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৫ জন, লালমনিরহাটে ২০৫ জন এবং পঞ্চগড়ে ১৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সব মিলিয়ে আটটি জেলাতেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা সংশ্লিষ্ট সকল কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে বোর্ডের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন