জুলাই ৭, ২০২৬, ০৭:৩৯ পিএম
দিনাজপুরে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় শ্রমিক শক্তি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। মঙ্গলবার এই সংবাদ সম্মেলনে হামলার ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে নেতারা জানান, গতকাল গভীর রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলামের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় পুলিশ ও ডিবি সদস্যদের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রশক্তির আহ্বায়ক হযরত আলী অনিকও আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, হামলার শিকার রেজাউল ইসলামকে রাত প্রায় ২টা পর্যন্ত থানার ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, থানার বাইরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা মহড়া দিলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ঘটনার পর ওসি, এএসপি ও এসপির সাথে যোগাযোগ করা হলেও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে তারা জানান।
সংবাদ সম্মেলন থেকে স্পষ্টভাবে জানানো হয় যে, কোনো কর্মী দোষী হলে তারা আইনের আওতায় ন্যায্য শাস্তির পক্ষে। তবে আইনের তোয়াক্কা না করে পরিকল্পিতভাবে হামলা ও ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সন্ত্রাস, মব সৃষ্টির রাজনীতি ও আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতির তীব্র নিন্দা জানান এবং শান্তিপূর্ণ আইনি কর্মসূচির মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন