রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবিতে দিনাজপুরে শিক্ষকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২৬, ০৬:৫২ পিএম

চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবিতে দিনাজপুরে শিক্ষকদের মতবিনিময়

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

শিক্ষাখাতের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা রোধ, শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবিতে দিনাজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে ‘সচেতন শিক্ষক সমাজ’ দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্তরের শিক্ষক-কর্মচারী নেতারা অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, কিন্তু দীর্ঘ সময় ধরে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে এখনও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি ৩১ জুলাইয়ের মধ্যে তাদের ৮ দফা দাবি মেনে না নেয়, তবে তারা রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতিবিরোধী যুদ্ধের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করছেন এবং শিক্ষাখাত থেকে দুর্নীতিবাজদের চিরতরে বিদায় করতে চান।

শিক্ষক নেতারা তাদের ৮ দফা দাবির তালিকা তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে:

শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ।

৯ম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তিকরণ।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সরকারি শিক্ষকদের প্রেষণে নিয়োগ বন্ধ।

শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর ও বোর্ড থেকে দুর্নীতিবাজদের অপসারণ।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত।

শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীতকরণ।

দ্রুত বদলির ব্যবস্থা এবং উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান।

অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা দ্রুত প্রদানের ব্যবস্থা।

মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুল রহিম, শিক্ষক সমিতির বিভিন্ন উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষক প্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, দাবি আদায়ে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো প্রকার অনিয়মের সঙ্গে আপস করা হবে না।