জুলাই ১১, ২০২৬, ০৯:২৪ পিএম
এক মাস ২২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। শনিবার সকাল থেকে পুরোদমে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের কার্যক্রম শুরু করা হয়। বিস্ফোরক সংকটের কারণে গত ১৯ মে থেকে খনিটিতে উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) সূত্রে জানা গেছে, ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুদ শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে সকাল থেকে খনির উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। তবে প্রয়োজনীয় বিস্ফোরক আমদানির পর তা খনিতে পৌঁছালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বলেন, অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরকের মজুদ শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ ছিল। বর্তমানে নতুন করে বিস্ফোরক খনিতে এসে পৌঁছেছে এবং শনিবার সকাল থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে।তিনি আরও জানান, বর্তমানে ৮৮ টন অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে।
এই পরিমাণ বিস্ফোরক দিয়ে প্রায় আড়াই মাস পাথর উত্তোলন কার্যক্রম চালানো সম্ভব হবে। এছাড়া আরও ৩০০ টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।খনি সংশ্লিষ্টরা জানিয়েছেন, সময়মতো বিস্ফোরক সরবরাহ না হওয়ায় এর আগেও বেশ কয়েক দফা মধ্যপাড়া খনির উৎপাদন ব্যাহত হয়েছে। ২০২৫ ও ২০২২ সালেও বিস্ফোরক সংকটের কারণে পাথর উত্তোলন বন্ধ ছিল। এর আগে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন উৎপাদন বন্ধ ছিল।
উল্লেখ্য, দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ২০০৭ সালের ২৫ মে থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে তিন শিফটে প্রায় ৭০০ শ্রমিক খনিতে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম (জিটিসি)-এর সঙ্গে ছয় বছরের পুনঃচুক্তি করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন