রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে সভা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ১০:০৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে সভা

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে এর অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই সাইবার সুরক্ষা আইন সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিরাপদ রাখার বিষয়ে তিনি বলেন, অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে হবে। এ ছাড়া কোনো অচেনা বা সন্দেহজনক ফিশিং লিংক থেকে সতর্ক থাকতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তাদের প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শেখাতে হবে। কোনো ভুল বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সন্তানদের শারীরিক বা মানসিকভাবে শাস্তি না দিয়ে ধৈর্যের সঙ্গে বিষয়টি বুঝিয়ে বলতে হবে এবং তাদের পাশে থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য আদান-প্রদান নিয়ে তিনি বলেন, কোনো ছবি, তথ্য বা ভিডিও শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা উসকানিমূলক কোনো বিষয় যাচাই-বাছাই ছাড়া প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

প্রযুক্তি ব্যবহারে সচেতনতা, দায়িত্ববোধ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ বিনির্মাণে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।