জুলাই ১৩, ২০২৬, ০২:০৯ পিএম
দিনাজপুরের তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় রক্ত কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর এসব যন্ত্রপাতি কর্তৃপক্ষের কাছে তুলে দেন।মেশিনগুলো হস্তান্তর শেষে ডা. শাহানা জাফর এগুলোর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি জানান, তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে অতি শীঘ্রই থ্যালাসেমিয়া রোগীদের জন্য ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এই প্রকল্পের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদানের ঘোষণাও দেন তিনি।
রক্ত কেন্দ্রে হস্তান্তরিত আধুনিক মেশিনারিজের মধ্যে রয়েছে রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ মেশিন, সেল সেপারেটর, চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেফ্রিজারেটর এবং মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্লাড ডিপফ্রিজার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ। এই উন্নত প্রযুক্তির সংযোজন রক্ত কেন্দ্রের সেবার মান বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান একেএম আজাদ, বিভিন্ন সদস্য, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও রক্ত কেন্দ্রের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন