জুলাই ১৬, ২০২৬, ১০:৪৪ পিএম
দুই দফা দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ডাক কর্মচারীরা। বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। স্মারকলিপি প্রদানের পর দিনাজপুর প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মচারীরা। এ সময় পোস্টমাস্টার (প্রথম শ্রেণি) প্রধান ডাকঘরের কাছেও স্মারকলিপি হস্তান্তর করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, দিনাজপুর জেলা শাখার সভাপতি এস এম আখতার হোসেন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. আবু তালেব, কোষাধ্যক্ষ আনোয়ারুল আলম প্রমুখ। এছাড়াও জেলা কমিটির সদস্য ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ৬ জুলাই থেকে ডাক বিভাগের কর্মীরা ধর্মঘট পালন করছেন। সরকার যতক্ষণ পর্যন্ত তাদের যৌক্তিক দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। একই চাকরিতে কাজ করেও বিভাগীয় ও অবিভাগীয় কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য মেনে নেওয়া যায় না। দীর্ঘ ৪৫ বছর ধরে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ টাকা বেতনে সংসার চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
বক্তারা জানান, দিনাজপুর জেলায় মোট ২১৬টি ডাকঘর রয়েছে, যেখানে প্রায় ৬০০ জন কর্মচারী কর্মরত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে অতি সামান্য বেতন-ভাতায় সংসার চালানো তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারের কাছে তাদের আকুল আবেদন, যেন দ্রুত তাদের দুই দফা দাবি মেনে নিয়ে জীবনধারণের সুযোগ করে দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন