জুলাই ২০, ২০২৬, ০৬:৪৪ পিএম
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার পূবালী ব্যাংক পিএলসি পুলহাট শাখার আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও সুধীসমাজের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রান্তিক মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
স্মার্ট বাংলাদেশ গড়তে আর্থিক সচেতনতা ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার বিকল্প নেই।আলোচনা সভায় প্রধান অতিথি পূবালী ব্যাংক দিনাজপুর জেলা শাখার এজিএম মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশকে ক্যাশলেস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, পূবালী ব্যাংকের এই উদ্যোগ তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে কৃষিনির্ভর এই অঞ্চলে ডিজিটাল লেনদেন ছড়িয়ে দিলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন। তিনি বলেন, পকেটে টাকা না রেখেও কিউআর কোড বা অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করা সম্ভব, যা টাকা চুরি বা হারানোর ঝুঁকি কমায়।
পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক ও অনুষ্ঠানের সভাপতি মোছাঃ জাকিয়া সুলতানা বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পূবালী ব্যাংক বদ্ধপরিকর। তিন দিনব্যাপী এই ক্যাম্পেইনে বিনামূল্যে গ্রাহকদের ক্যাশলেস অ্যাকাউন্ট খোলা, অ্যাপ অ্যাক্টিভেশন এবং ডিজিটাল লেনদেনের যাবতীয় সুবিধা প্রদান করা হবে। প্রতিটি বাজারে ক্যাশলেস সেবার ছোঁয়া পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।
স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে এই ক্যাম্পেইন নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা আশা করছেন, ডিজিটাল লেনদেনের এই জোয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও আধুনিক করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলহাট শাখার ম্যানেজার মোঃ জিয়াউল হক এবং দিনাজপুর জেলা খাদ্য শস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন