জুলাই ২০, ২০২৬, ১১:১৯ পিএম
দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অনিয়ম ও মনোনয়নপত্র বাতিলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্।সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬ জুলাই প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মেহবুব হাসান চৌধুরী নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং ১১ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হয়।
তবে ১৩ জুন অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩২ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে লিখিতভাবে আপত্তি জানানো হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলেও দাবি করেন।তিনি আরও অভিযোগ করেন, ১৩ জুলাই তিনি সাধারণ সম্পাদক পদে, অ্যাডভোকেট মো. আব্দুল হাকিম সহ-সাধারণ সম্পাদক পদে এবং অ্যাডভোকেট শ্রী দিলীপ চন্দ্র পাল কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দেন। পরে ৩০ জুন ২০২৪ সালের একটি কথিত নোটিশের ভিত্তিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
সংশোধিত গঠনতন্ত্রের কথা উল্লেখ করা হলেও সেই সংশোধনের কোনো রেজুলেশন বা বৈধ নথি তাদের দেখানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্ বলেন, তিনি ২১ নভেম্বর ২০১৭ সালে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য হন। তার প্রতিদ্বন্দ্বী মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন মাত্র ২০ দিন আগে সদস্যপদ লাভ করলেও অতীতে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও দুইবার সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন। সে সময় বর্তমান নির্বাচন কমিশনই তাকে বৈধ ঘোষণা করেছিল বলে দাবি করে তিনি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি অভিযোগ করেন, এসব অনিয়মের প্রতিবাদ করায় তিনি বিভিন্নভাবে হুমকির মুখে রয়েছেন। তার কোনো ক্ষতি হলে এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও মন্তব্য করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, বিষয়টি সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনারের পদত্যাগ, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে নতুন তফসিল ঘোষণার দাবি জানান।উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারী প্রার্থীর বক্তব্য। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন