রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে মিথ্যা মামলায় ৬ সাংবাদিকের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২১, ২০২৬, ০৬:০৫ পিএম

দিনাজপুরে মিথ্যা মামলায় ৬ সাংবাদিকের জামিন মঞ্জুর

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের পার্বতীপুরে প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে দায়ের করা একটি মামলায় স্থানীয় ছয় সাংবাদিক জামিন পেয়েছেন। মঙ্গলবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত পার্বতীপুরের বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এই আদেশের ফলে আইনি জটিলতা থেকে সাময়িকভাবে মুক্তি পেলেন পেশাগত দায়িত্বে থাকা গণমাধ্যমকর্মীরা।

আদালত সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন — আগামীর সময়ের মামুনুর রশিদ, ভোরের কাগজের মোস্তাফিজুর রহমান বকুল, ভোরের দর্পণের আতাউর রহমান, মাইটিভির আবদুল্লাহ আল মামুন, সমকালের মাহমুদুর রহমান এবং শ. আ. ম. হায়দার। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে মিজানুর রহমান মিজানের দায়ের করা সি. আর. মামলা নম্বর ছয়শ চৌদ্দ বাই দুই হাজার পঁচিশ (মামলা নম্বর সি. আর. ছয়শ চৌদ্দ/২০২৫) অনুযায়ী তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। 

বাদীর দায়ের করা ওই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে শুরু থেকেই দাবি করে আসছেন সাংবাদিকরা।শুনানি শেষে বিজ্ঞ আদালত উভয় পক্ষের যুক্তি বিবেচনা করে তাদের জামিন মঞ্জুর করেন। জামিন শুনানিতে সাংবাদিকদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী শাহাদাৎ হোসেন। 

জামিন লাভের পর গণমাধ্যমকর্মীরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সাংবাদিকদের স্বাধীন কণ্ঠরোধ করার উদ্দেশ্যেই মূলত এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। তবে আদালতের সঠিক বিচারিক প্রক্রিয়ায় সত্যের জয় হয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন তারা।