বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জের কবিরাজহাট পশুরহাটের আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ আরিফ ইসলাম

জুলাই ২২, ২০২৬, ০৪:০৩ পিএম

বীরগঞ্জের কবিরাজহাট পশুরহাটের আনুষ্ঠানিক উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনতে আনুষ্ঠানিকভাবে কবিরাজহাট পশুরহাটের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার আট নম্বর ভোগনগর ইউনিয়নের পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই পশুরহাটের কার্যক্রম শুরু হয়। স্থানীয় খামারি ও পশু ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

উদ্বোধনী দিনে হাটে গরু, মহিষ ও ছাগল নিয়ে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পশুরহাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আট নম্বর ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকির, ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল, মো. আশরাফুল ইসলাম, নিরঞ্জন সরকার, নুরজামাল ইসলাম এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুরনেসা বেগমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনের পরপরই হাটজুড়ে প্রাণচাঞ্চল্যকর পরিবেশে গবাদিপশু কেনাবেচা শুরু হয় এবং প্রথম দিনেই বেশ ভালো লেনদেন সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দা মো. রয়েল ইসলাম জানান, কবিরাজহাটে নিয়মিত পশুরহাট চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ, খামারি ও ব্যবসায়ীরা অত্যন্ত উপকৃত হবেন। এখন থেকে তাদের আর দূরে অন্য হাটে গিয়ে গবাদিপশু বিক্রি করতে হবে না, যা সময় ও অর্থ দুটোই সাশ্রয় করবে। সংশ্লিষ্ট মহলের মতে, এই পশুরহাট চালুর ফলে এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চারিত হবে।