রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে প্রজেক্টের সংবাদ সম্মেলন

বিপুল সরকার সানি

জুলাই ২৫, ২০২৬, ০৪:৩৯ পিএম

দিনাজপুরে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে প্রজেক্টের সংবাদ সম্মেলন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিচর্যাকারীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে কেয়ারার্স অ্যান্ড কমিউনিটি মেন্টাল হেলথ প্রজেক্ট।শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।পরিবার ভালো থাকলে সমাজ আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক হয়ে ওঠে। 

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন কেয়ারার ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অনিল পালিত। এ সময় উপস্থিত ছিলেন সেন্টার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট বা সিডিডির প্রজেক্ট সুপারভাইজার মইনুল ইসলাম, দিনাজপুরের প্রজেক্ট ফিল্ড ম্যানেজার মুকুল কিসকু এবং মনোসামাজিক পরামর্শদাতা রুকুনুজ্জামান খান। বক্তারা জানান, মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়মিত পরিচর্যা করেন যারা, সেই কেয়ারাররা দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছেন। অথচ তাদের এই গুরুত্বপূর্ণ অবদান সমাজে প্রায়শই যথাযথ স্বীকৃতি পায় না।

এই বাস্তবতাকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে সমন্বিত শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং এবং সচেতনতা বৃদ্ধির বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রজেক্টের আওতায় কমিউনিটি পর্যায়ে হেলথ ক্যাম্প আয়োজনের মাধ্যমে সেবা প্রদান, হোম ভিজিট এবং কেয়ারার গ্রুপ মিটিংয়ের মাধ্যমে মানসিক চাপ ও বিষণ্নতা দূর করতে সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে। কেয়ারারদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে দিনাজপুর কেয়ারার্স অ্যাসোসিয়েশন বা ডিসিএ গঠন করা হয়েছে। 

গত এক বছরে এই প্রজেক্টের মাধ্যমে কেয়ারার ও মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বসবাসকারী পাঁচ শতাধিক পারিবারিক সদস্য উপকৃত হয়েছেন। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, তেহাত্তর শতাংশ কেয়ারার এখন প্রাতিষ্ঠানিক চিকিৎসাসেবার ওপর আস্থা রাখছেন, যদিও এখনও সাতাশ শতাংশ মানুষ অপ্রাতিষ্ঠানিক বা বিকল্প পদ্ধতির প্রভাবে রয়েছেন।একজন পরিচর্যাকারী সুস্থ থাকলে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির পুনর্বাসন ও সুস্থতা আরও ত্বরান্বিত হয়।তাই কেয়ারারদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার একটি অপরিহার্য অংশ বলে উল্লেখ করা হয়।