জুলাই ২৬, ২০২৬, ০৩:২৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১২টায় ভোগনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সামাজিক আলোচনা সভার মাধ্যমে এই ঐতিহাসিক উদ্যোগ প্রকাশ করা হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ সহযোগিতায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত সমাজ গড়ে তোলা কেবল সরকারের একক দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। আঠারো বছরের আগে মেয়েদের বিয়ে দিলে তাদের শিক্ষা ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। একইভাবে শিশুশ্রমের কারণে শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বেড়ে ওঠার পথ বাধাগ্রস্ত হয় বলে তিনি সতর্ক করেন।
ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিশু অধিকার রক্ষায় সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন। অর্জিত এই বাল্যবিবাহমুক্ত সুনাম বজায় রাখতে প্রশাসন, কাজী, পুরোহিত, অভিভাবক ও শিক্ষকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে একটি কুসংস্কারমুক্ত সমাজ গঠনে সবাই সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বীরগঞ্জ উন্নয়ন কর্মসূচির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধন দাস, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা ও ইউপি সচিব মোহাম্মদ ইয়াকুব আলীসহ স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য দেন। সভায় শিক্ষক, স্থানীয় কাজী, শিশু ফোরামের সদস্য ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন