শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

করতোয়ার ভাঙন রুখতে ঘোড়াঘাটে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০৪:২৩ পিএম

করতোয়ার ভাঙন রুখতে ঘোড়াঘাটে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় করতোয়া নদীর তীব্র ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। কয়েক দিন ধরে অব্যাহত নদীভাঙনে তীরের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম ঝুঁকিতে পড়ে স্থানীয় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ শতাধিক পরিবার। 

উদ্ভূত পরিস্থিতিতে পানিসম্পদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে ভাঙনকবলিত মানুষদের আশার আলো দেখা যাচ্ছে।আপদকালীন এই পদক্ষেপে নদীপাড়ের বাসিন্দাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।সরেজমিনে দেখা গেছে, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে ভাঙনপ্রবণ অংশগুলোতে দ্রুতগতিতে বালুভর্তি জিও বস্তা ফেলা হচ্ছে। স্থানীয় অধিবাসীরা জানান, বসতভিটার খুব কাছাকাছি নদী চলে আসায় তারা তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। 

বস্তা ফেলার কাজ শুরু হওয়ায় বর্তমানে ভিটেমাটি হারানোর ভয় কিছুটা কমেছে। তবে সাময়িক প্রতিরক্ষার পাশাপাশি ভবিষ্যতে ভিটেমাটি সুরক্ষায় স্থায়ী নদীশাসন ও সিসি ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সমাজসেবকরা।প্রশাসনিক সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিরসনে তাৎক্ষণিকভাবে অন্তত ৩ হাজার ৩০৮টি বালুভর্তি জিউ ব্যাগ নদীর পাড়ে ফেলা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ডাম্পিং প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। 

ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করা হচ্ছে। বর্ষা মৌসুম অতিক্রান্ত হলে নদীর স্থায়ী সুরক্ষায় ব্লকের কাজের দীর্ঘমেয়াদি রিভেটমেন্ট প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড।টেকসই বাঁধ নির্মাণ শেষ হলে নদীপাড়ের পরিবারগুলোর স্থায়ী আবাসন ও নিরাপত্তা সুনিশ্চিত হবে।