রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২৬, ১১:৪৬ পিএম

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নেতৃবৃন্দের আসন্ন মতবিনিময় সভা সফল করতে দিনাজপুরে জেলা ইউনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের স্টেশন রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিট কার্যালয়ে এই সভাটি আয়োজিত হয়। দেশের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মোকশেদ আলী মঙ্গলিয়ার সভাপতিত্বে সভায় স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, সদস্য সচিব মো. সিদ্দিকুল হক বাচ্চু এবং বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল হক ছুটু তাদের বক্তব্যে আগামীদিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। 

এছাড়া সদর থানা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির জুয়েলসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্যান্য মুক্তিযোদ্ধারা সভায় উপস্থিত ছিলেন।সভায় কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংগতি রেখে জেলা পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।