শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিরামপুরে বিনা মূল্যের ডায়াবেটিস সেবায় ওষুধ সংকট, বিপাকে নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৬, ১১:৪৪ এএম

বিরামপুরে বিনা মূল্যের ডায়াবেটিস সেবায় ওষুধ সংকট, বিপাকে নিম্ন আয়ের মানুষ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের অতি প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে প্রতিদিন বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ নিতে আসা নিম্ন আয়ের ডায়াবেটিস রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধের বর্তমান মজুত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।জরুরি ভিত্তিতে সরবরাহ না পেলে রোগীদের খালি হাতে ফিরতে হবে।

সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত হলেও ক্রমবর্ধমান রোগীর সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে ওষুধের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার এই চিকিৎসাকেন্দ্রটি নিম্ন আয়ের মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন নারী-পুরুষ এখান থেকে ডায়াবেটিসের বিনা মূল্যের চিকিৎসা নেন।

আগে পর্যাপ্ত মজুত থাকায় রোগীদের এক মাসের ওষুধ দেওয়া হলেও বর্তমানে তা কমিয়ে মাত্র ১৫ দিনে নামিয়ে আনা হয়েছে।বর্তমানে যে পরিমাণ ওষুধ মজুত রয়েছে, তা দিয়ে বড় জোর আর কয়েক দিন চলা সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দা বুলবুল জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি ডায়াবেটিসে ভুগছেন। প্রতি মাসে তার প্রায় তিন হাজার টাকার ওষুধ লাগে। সংসারের খরচ ও সন্তানদের লেখাপড়ার পাশাপাশি এত দাম দিয়ে ওষুধ কেনা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার পারভেজ জানান, এনসিডি কর্নারের মাধ্যমে রোগীদের বিনা মূল্যে সেবা ও ওষুধ দেওয়া হয়। মেটফরমিন ও গ্লাইকরাজাইডের মজুত প্রায় শেষ হয়ে আসায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।