আগস্ট ৬, ২০২৬, ০৮:১০ পিএম
দিনাজপুর জেলার স্বাস্থ্য খাতের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওসমূহের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডা. শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই সভার আয়োজন করে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়। জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এই সভায়।
দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনায় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদ ও ডা. সাদমান সাকিবসহ অন্যান্য কর্মকর্তারা।
উন্মুক্ত আলোচনা পর্বে জেলার স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এছাড়া যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচআইভি বা এইডস প্রতিরোধ, প্রতিবন্ধিতা ও কমিউনিটি স্বাস্থ্যসহ বিভিন্ন জনস্বাস্থ্য কার্যক্রমের বর্তমান অগ্রগতি মূল্যায়ন করা হয়।
সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রতিনিধিরা তাদের চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রকাশ করেন। পল্লীশ্রী, ব্র্যাক, গুডনেইবারস, ওয়ার্ল্ড ভিশন, বিএসডি, কারিতাস, ল্যাম্ব হাসপাতাল, অন্তরঙ্গ ও মহিলা বহুমুখী কেন্দ্রসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা সভায় সক্রিয়ভাবে অংশ নেন। স্বাস্থ্য খাতের এই সমন্বয় সভা জেলার জনস্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন