মোজাম্মেল হক
আগস্ট ১০, ২০২৬, ০২:৫৩ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে অর্থাভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে না পেরে জন্ম থেকেই প্রতিবন্ধী দুই সন্তানকে বাধ্য হয়ে বাড়ির বারান্দায় শিকল দিয়ে বেঁধে রেখেছেন এক অসহায় দম্পতি। উপজেলার আট নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের কালাপুকুর গ্রামে এই মানবেতর পরিস্থিতি নিয়ে দিন কাটাচ্ছে পরিবারটি।প্রতিবন্ধী দুই সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে প্রশাসনের কাছে সহায়তার আকুতি জানিয়েছেন তাদের মা-বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান গোল্ডেন ও আয়েশা সিদ্দিকা দম্পতির চার সন্তানের মধ্যে দ্বিতীয় ছেলে আশি ১৮ বছর এবং তৃতীয় ছেলে আব্দুল আলিমের বয়স ১৫ বছর। জন্মলগ্ন থেকেই এই দুই ভাই প্রতিবন্ধী হওয়ায় তাদের নড়াচড়া নিয়ন্ত্রণে রাখতে দিনের পর দিন বারান্দায় শিকলে বেঁধে রাখতে হয়। দরিদ্র পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানো সম্ভব না হওয়ায় অসহায় এই মা-বাবা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।
কান্নাজড়িত কণ্ঠে মা আয়েশা সিদ্দিকা জানান যে তার স্বামী একজন দিনমজুর এবং তিনি নিজেও শারীরিক প্রতিবন্ধকতার শিকার। দিনমজুরি করে যা আয় হয় তা দিয়ে কোনোমতো সংসার চলে, কিন্তু দুই সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা তাদের সামর্থ্যের বাইরে। শিকল খুলে দিলে তারা ঘর থেকে বেরিয়ে হারিয়ে যায় বলে বাধ্য হয়ে তাদের এভাবে আটকে রাখতে হয়। সন্তানকে শিকলে বেঁধে রাখতে নিজের বুক ফেটে গেলেও উপায় না পেয়ে এই পথ বেছে নিতে হয়েছে বলে জানান তিনি।
অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান মানুষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী। মানবিক সহায়তা পেলে পরিবারটির জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।