আগস্ট ১১, ২০২৬, ০৬:২৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বটতলী ক্লাস্টারের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। দীর্ঘদিনের পরিচিত শিক্ষককে বিদায় জানাতে গিয়ে উপস্থিত শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
প্রিয় শিক্ষককে বিদায় জানানোর বেদনায় এ সময় অনেক শিক্ষার্থীই অশ্রুসিক্ত হয়ে পড়ে।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিদাতা চঞ্চল ঘোষ এবং রসুলপুর ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকরা। এছাড়া বিদায়ী শিক্ষকের স্ত্রী শেফালী বেগম এই আয়োজনে উপস্থিত ছিলেন। অন্যান্য বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা বিদায়ী প্রধান শিক্ষকের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
দীর্ঘ কর্মজীবনে দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে তিনি অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায়ী প্রধান শিক্ষককে ফুলের শুভেচ্ছাসহ বিভিন্ন উপহারসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রেণিকক্ষে বিদায়ী শিক্ষকের জন্মদিন উপলক্ষে আনন্দমুখর পরিবেশে কেক কাটে শিশু শিক্ষার্থীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন