শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

বিএনপির শেকড় জনগণের মাঝে, কেউ নাড়া দিতে পারবে না: জাহিদ হোসেন

কুদ্দুস আলী খান

আগস্ট ২৯, ২০২৬, ০২:৩৭ পিএম

বিএনপির শেকড় জনগণের মাঝে, কেউ নাড়া দিতে পারবে না: জাহিদ হোসেন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বিএনপির শেকড় এ দেশের সাধারণ মানুষের মাঝে গভীরভাবে প্রোথিত রয়েছে এবং সামান্য নাড়া দিয়েই এই দলটিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে আয়োজিত স্থানীয় বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

এ সময় তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কথা বলার আহ্বান জানিয়ে বলেন যে বিএনপি কখনোই অন্যায়ের কাছে আত্মসমর্পণ করার দল নয়।শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া কখনো আত্মসমর্পণ করেননি বলে তিনি স্মরণ করিয়ে দেন।মন্ত্রী বলেন, বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলে এবং গণতন্ত্র রক্ষা ও পুনর্প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। 

যারা অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণ অত্যন্ত সজাগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। যেকোনো ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

সভায় হাকিমপুর উপজেলা ও স্থানীয় ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই মতবিনিময় সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।