আগস্ট ৩১, ২০২৬, ০৮:৩৯ পিএম
দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসহায় রোগীদের মাঝে খাবার বিতরণ করেন পৌর বিএনপির নেতাকর্মীরা। হাকিমপুর পৌর বিএনপির উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। এ সময় তারা হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন ওয়ার্ডের রোগীদের খোঁজখবর নেন এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
খাবার বিতরণকালে পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় নেতারা রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার অংশ হিসেবে এই সেবা মূলক কার্যক্রম পরিচালিত হলো। এর আগে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জমায়েত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি পালন করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন