বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নজরুল চেতনা তরুণ প্রজন্মে ছড়িয়ে দিতে হবে

আতিউর রহমান

সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:১৭ এএম

নজরুল চেতনা তরুণ প্রজন্মে ছড়িয়ে দিতে হবে

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

নজরুল বর্ষ উপলক্ষে দিনাজপুর জেলার বিরল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিরলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান সরকার, কৃষি কর্মকর্তা রুম্মান আকতার এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ ও সাহিত্যকর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুল গীতি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা তরুণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।