সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৭:৪২ পিএম
দিনাজপুর পৌরসভার উত্তর পাশে অবস্থিত স্বনামধন্য আধুনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এক বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তির এই বিশেষ দিনে কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক রোগীকে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। স্থানীয় সাধারণ মানুষের মাঝে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এই কার্যক্রমে অংশ নেওয়া চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহকারী পরিচালক মোকারম হোসেন রনি জানান যে রোগীরা তাদের প্রতি যে আস্থা রেখেছেন তা তাদের সামনের দিনগুলোতে আরও ভালো সেবা দিতে অনুপ্রাণিত করবে।
অপর সহকারী পরিচালক মো. হাসমত আলী জানান যে ভবিষ্যতে এই ধরনের মানবিক সেবা কার্যক্রম অব্যাহত রাখতে তারা সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এছাড়া সহকারী পরিচালক বিপ্লব রায় ও আলমামুন জানান যে গুণগত মান বজায় রেখে যেকোনো সময়ে রোগীদের পাশে থাকার জন্য প্রতিষ্ঠানটি সর্বদা বদ্ধপরিকর।
ম্যানেজার সাব্বির হোসেন জানান যে প্রতিষ্ঠানে গাইনি, সার্জারি, মেডিসিন এবং চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন ফাতেমা ও আছিয়ার মতো সেবাগ্রহীতা রোগীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন