বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে সামাজিক সচেতনতায় স্কাউটসের মানববন্ধন কর্মসূচি

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৪:০৮ পিএম

দিনাজপুরে সামাজিক সচেতনতায় স্কাউটসের মানববন্ধন কর্মসূচি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং ৬ষ্ঠ জেলা স্কাউটস সমাবেশ-২০২৬ এর বিশেষ চ্যালেঞ্জ পূরণের অংশ হিসেবে দিনাজপুরে একটি বর্ণাঢ্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিশুপার্কের বড়পুল ব্রিজ পর্যন্ত দীর্ঘ সড়কের দুইপাশে অবস্থান নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন স্কাউটস সদস্যরা। 

বেলা বারোটা থেকে শুরু হয়ে অর্ধঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে ও তরুণ স্কাউটসরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। নানা স্লোগানে মুখরিত এই আয়োজনে অংশ নেয় প্রায় আট শতাধিক স্কাউটস। কর্মসূচিস্থলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন ও শিশুশ্রম বন্ধের আহ্বান সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে। 

শিক্ষা শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়ার পথ’, ‘স্বপ্ন দেখ লক্ষ্য ঠিক করো, নিয়মিত চেষ্টা করো সাফল্য আসবে’—এমন জীবনমুখী ও প্রেরণাদায়ী নানা স্লোগান খচিত ফেস্টুন পথচারী ও এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে। তরুণ প্রজন্মের এই সামাজিক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। জেলা স্কাউটস সমাবেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের অংশ হিসেবে এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।