সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৪:৩৭ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাঠামোগত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সচেতন নাগরিক সমাজ ও দিনাজপুরবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। দীর্ঘদিন ধরে পরিচালিত কার্যক্রমের অনিয়ম দূর করে একটি কার্যকর ও গণমুখী পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান বক্তারা।
বক্তাদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটির বই ও আর্থিক হিসাবের কোনো অডিট করা হয়নি। মানববন্ধনে অভিযোগ করা হয়, নির্দিষ্ট একটি সিন্ডিকেট দীর্ঘ সময় ধরে লাইব্রেরির পরিচালনা কমিটিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে এর জনকল্যাণমূলক চরিত্র নষ্ট করেছে। সাধারণ পাঠকের অধিকার নিশ্চিত করতে লাইব্রেরির যাবতীয় বই ও তহবিলের নিরপেক্ষ অডিট সম্পন্ন করার পাশাপাশি বর্তমান নির্বাচনী কাঠামো ঢেলে সাজানোর দাবি জানানো হয়। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, সাধারণ মানুষের টাকায় চলা এই প্রতিষ্ঠানের প্রতিটি হিসাব জনগণের সামনে উন্মুক্ত থাকা আবশ্যক।
সমাবেশ থেকে লাইব্রেরির সার্বিক সংস্কারের লক্ষ্যে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে বিগত ১৭ বছরের আর্থিক ও বই সংক্রান্ত কার্যক্রমের নিরপেক্ষ তদন্ত, পরিচালনা কমিটিকে একটি বলয়ের নিয়ন্ত্রণমুক্ত রাখা এবং লাইব্রেরিয়ানের একই সময়ে দুটি চাকরি করার অভিযোগ খতিয়ে দেখে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। এছাড়া নতুন পাঠকদের জন্য উন্মুক্ত সদস্যপদ চালুর ব্যবস্থা নিশ্চিত করা এবং বিগত সময়ের বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের নির্বাহী কমিটি থেকে বাদ দেওয়ার জোর দাবি জানানো হয়।
বক্তারা সুস্পষ্টভাবে জানান যে, তাঁরা লাইব্রেরিতে কার্যকর স্বচ্ছতা ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার বাস্তবায়ন দেখতে চান। দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর নাগরিক আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলেও ইঙ্গিত দেন স্থানীয় নেতৃবৃন্দ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন