অক্টোবর ২৬, ২০২৫, ০৭:৫৩ পিএম
বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত "তারুণ্যের উৎসব ২০২৫" উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটির সিদ্ধান্তের আলোকে এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর নির্দেশনা মোতাবেক আল-ফালাহ্ আ'ম উন্নয়ন সংস্থা 'গ্রাহক সেবা পক্ষ' পালন করছে।এ উপলক্ষে রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সংস্থার হলরুমে গ্রাহকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ সেবা পক্ষ আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল-ফালাহ্ আ'ম উন্নয়ন সংস্থা'র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মমতাজুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ তমিজ উদ্দীন, সাধারণ পরিষদের সদস্য ডাঃ মোঃ রফিকুল ইসলাম, এইচআরডি আয়েশা খাতুন জবা এবং সমন্বয়কারী মোঃ নুরুল আমিন প্রমূখ।আলোচকরা প্রতিষ্ঠানের বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে তরুণ-তরুণীদের অবহিত করেন।
এ সময় তারা তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ ও অর্থায়ন, উদ্ভাবনী সেবা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে তরুণ-তরুণীদের সম্পৃক্তকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে প্রতিষ্ঠানের আওতাধীন অন্যান্য শাখাগুলোতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে— ক্ষুদ্রঋণ গ্রাহকদের সঞ্চয়, বিনিয়োগ, ঋণ ব্যবস্থাপনা এবং আর্থিক পরিকল্পনা বিষয়ে হাতে-কলমে শিক্ষা প্রদান, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে গাছের চারা বিতরণ।
এছাড়াও ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, যৌথ প্রথা বন্ধ এবং মাদকবিরোধী কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে ও জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা এবং প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের গ্রাহকদের সন্তানদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন