বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর-৪ আসনে বিএনপির উঠান বৈঠক, নারীদের ব্যাপক অংশগ্রহণ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৭:৩২ পিএম

দিনাজপুর-৪ আসনে বিএনপির উঠান বৈঠক, নারীদের ব্যাপক অংশগ্রহণ

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে নারী ভোটারদের অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে বিএনপি-সমর্থিত উঠান বৈঠক। আজ (৩০ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলার বাংলাবাজার, ১১টায় রাণীরবন্দর, দুপুর সাড়ে ১২টায় খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের বড়দাশাহ্ পাড়াসহ আশপাশের পাড়াগুলোতে ভোটারদের সাথে মতবিনিময়, উঠان বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে দেখা গেছে, হাতে ব্যাগ নিয়ে কিংবা কোলে শিশু নিয়ে আসা নারী ভোটারদের ভিড়। তারা ধানের শীষের পক্ষে জনমত গঠন ও আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হলেও নারীদের উপস্থিতি, উচ্ছ্বাস ও অংশগ্রহণে বৈঠকগুলো ছিল প্রাণবন্ত। নারী ভোটারদের অংশগ্রহণে এসব উঠান বৈঠক এখন গ্রামাঞ্চলে নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।

উঠান বৈঠকগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া বলেন, "দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষ মানে জনগণের অধিকার, পরিবর্তনের প্রতীক। আজ গ্রামের নারীদের আগ্রহ ও সচেতনতাই আগামী দিনের পরিবর্তনের বার্তা দিচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে এ আসনের নারীদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নারীদের অধিকারের কথা গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের শিক্ষার জন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে, নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। তাদের পণ্য বিক্রয়ের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে তাদের জন্য উচ্চ হারে বৃত্তি প্রদানে কাজ করা হবে। অসহায় ও হতদরিদ্র নারীদের জন্য ভাতা নিশ্চিত করে ভাতার পরিমাণ বৃদ্ধি করতে কাজ করবে বিএনপি। নারীদের সামাজিক নিরাপত্তা ও অংশগ্রহণ বৃদ্ধি করা হবে।"

এসময় চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন, চিরিরবন্দর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও সাতনালা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন, খানসামা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য সাঈদ আহম্মদ সেলিম বুলবুল,

খানসামা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, খানসামা উপজেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, খানসামা উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান, খানসামা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সিসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।