সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রং মিশিয়ে মথডালকে মুগডাল হিসেবে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৮:৩৪ পিএম

রং মিশিয়ে মথডালকে মুগডাল হিসেবে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরের হাকিমপুরে রং মিশিয়ে মথডালকে মুগডাল হিসেবে বিক্রির দায়ে ফেরদৌস রহমান নামের এক মুদি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩ নভেম্বর) রাত ৮টায় হাকিমপুরের হিলি বাজারের মেসার্স হাজী ষ্টোরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম আলী। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুর জেলা কার্যালয় কর্তৃক দিনাজপুর আদালতের বিচারক এর সহযোগিতায় হিলি বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স হাজী ষ্টোর নামে ওই মুদি দোকানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়।

তিনি আরও বলেন, "এছাড়া রংযুক্ত মথডাল যেটি মুগডাল হিসেবে বিক্রি করা হচ্ছিল, সেটির কোনো কাগজপত্র দেখাতে পারেননি ব্যবসায়ী। এসব অপরাধের কারণে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন বিচারক।"নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জরিমানার অর্থ পরিশোধের পর ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়েছে।