ফাহিম হোসেন রিজু
নভেম্বর ৫, ২০২৫, ০৭:২৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
যে শিশুর সরল হাসি, কথা ও আচরণে সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ আনন্দ পায়, সেই দিনাজপুরের ঘোড়াঘাটের ছোট্ট ভাইরাল সাইমন (৬) আজ অন্ধকারের পথে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইমনের দুই চোখই ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত (ড্যামেজ)। সময়মতো উন্নত চিকিৎসা না করলে সে চিরতরে দৃষ্টি হারাতে পারে।সাইমন ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী এলাকার সুমন মিয়ার ছেলে।
মাত্র ছয় বছরের শিশু সাইমন এখন নিজের চোখে পৃথিবীটা ঠিকমতো দেখতে পারে না। যে চোখ দিয়ে সে হাসি দেখিয়েছে, মায়া দেখিয়েছে, সবার মুখে আনন্দ ফুটিয়েছে—সেই চোখ আজ আলো হারাতে বসেছে।১৫ লাখ টাকার প্রয়োজনচোখের এই জটিল রোগ থেকে সাইমনকে বাঁচাতে প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু সাইমনের পরিবার দিনমজুর শ্রেণির, দৈনিক আয়ের ওপর চলে তাদের সংসার। তাদের পক্ষে এই বিপুল টাকা জোগাড় করা অসম্ভব।
কান্নাভেজা কণ্ঠে সাইমনের মা বলেন, "আমার বাচ্চাটা চোখে দেখতে পারবে না, এটা ভাবলেই বুক ফেটে যায়। আমরা গরিব। আপনাদের দোয়ায় ও সাহায্যে যদি আমার সাইমন আবার পৃথিবীটা দেখতে পায়, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ।"সাইমনের বাবা বলেন, "ছেলেটা সবার ভালোবাসায় ভাইরাল হয়েছে, হাসি দিয়েছে। আজ সে নিজেই আলো হারাতে বসেছে। দয়া করে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিন।"
একটি শিশুর চোখে আলো ফিরিয়ে দিতে আমরা যদি সবাই সামান্য করে পাশে দাঁড়াই, তবে তার জীবন আবার হাসিতে ভরে উঠতে পারে। ১৫ লাখ টাকা একজনের পক্ষে হয়তো কষ্টের, কিন্তু হাজার মানুষের সামান্য সহায়তা সাইমনের চোখে আলো ফিরিয়ে আনতে পারে।
যোগাযোগ ও সাহায্যের জন্য:
যারা সহযোগিতা করতে চান, পরিবারের সাথে যোগাযোগ করে সরাসরি সাহায্য করতে পারবেন:
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর: 20507770206554289
বিকাশ ও নগদ: 01719095539