রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

১৮ বছরে মনি-মুক্তা, অভিশপ্ত শৈশব পেরিয়ে নতুন স্বপ্নের পথে

মোঃ আব্দুর রাজ্জাক

আগস্ট ২২, ২০২৬, ১০:৪৩ এএম

১৮ বছরে মনি-মুক্তা, অভিশপ্ত শৈশব পেরিয়ে নতুন স্বপ্নের পথে

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

এক সময় সমাজের চোখে তারা ছিল অভিশপ্ত। জন্মের পর কুসংস্কার, অপবাদ আর মানুষের দয়া বঞ্চনার ছায়া পড়েছিল যমজ শিশু মনি ও মুক্তার ওপর। কিন্তু সেই ভয়াল প্রতিকূলতা ও অন্ধকারের মাঝেই জন্মে নেওয়া দুই কন্যা আজ হয়ে উঠেছে সাহস, স্বপ্ন আর অধ্যবসায়ের উজ্জ্বল উদাহরণ। আজ শনিবার তাদের জীবনের আঠারোতম জন্মদিন।

প্রতিকূলতা জয় করে মনি-মুক্তা আজ অনেকের জন্য অনুপ্রেরণা।২০০৯ সালের ২২ আগস্ট দিনাজপুরের পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতালে জন্ম নেয় মনি ও মুক্তা। জন্মের সময় তারা ছিল পেট জোড়া লাগানো যমজ। মা কৃষ্ণা রাণী পাল ও বাবা জয় প্রকাশ পালের অবিচল মানসিক শক্তি এবং চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে ২০১০ সালে তারা আলাদা জীবন পায়। 

বীরগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামে বেড়ে ওঠা এই দুই বোন স্থানীয় ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।মনি-মুক্তা শুধু পড়াশোনায় নয়, নাচ, গান ও ছবি আঁকার মতো সৃজনশীল কাজেও দক্ষ। 

তাদের স্বপ্ন পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হয়ে সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনেও তারা সমান দক্ষ। বাবা-মা ও পরিবারের সদস্যদের দোয়ায় এবং অদম্য ইচ্ছাশক্তিতে তারা প্রমাণ করেছে, প্রতিবন্ধকতা যতই বড় হোক, স্বপ্ন আর পরিশ্রম থাকলে এগিয়ে যাওয়ার পথ সবসময় খোলা থাকে।